আব্দুর রহমান বদির অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দুদকে জমা দেয়া হয়েছে। তিনি ক্ষমতাসীন দলের নেতা এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য।
বৃহস্পতিবার দুপুরে অনুসন্ধান কর্মকর্তা ও দুদক পরিচালক আহসান আলী প্রতিবেদনটি জমা দেন। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে দুর্নীতির অভিযোগ প্রমান করতে পারলে সংসদ সদস্য পদ প্রত্যাহার করে জনগণের কাতারে এসে দাঁড়াবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বদি।
প্রথম সংসদ সদস্য হওয়ার ৫ বছরের মধ্যে বদির আয় ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে বলা হয়। এরই ভিত্তিতে ২৭ জানুয়ারি কক্সবাজারে অভিযান চালান দুদক কর্মকর্তারা। ২৯ জানুযারি তার হলফনামা ও আয়কর বিবরণী জব্দ করেন তারা। ১৬ ফেব্রুয়ারি দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে।
গত ১২ জানুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে বদিসহ ৭জনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]