প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি। তিনি ছিলেন, রাজনীতিক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
৬২ বছরের রাজনৈতিক পথচলায় দেশের ১৯তম রাষ্ট্রপতি হয়েছিলেন জিল্লুর রহমান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর আগে ৫ মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের দায়িত্ব পালন করেন।
প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
সকাল ১০টায় শাহবাগস্থ পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর গুলশানের পারিবারিক বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া জিল্লুর রহমানের গ্রামের বাড়ি ভৈরবের ৭টি ইউনিয়নে মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্ম গ্রহণ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]