[b]কুয়ালালামপুর :[/b] মালয়েশিয়ার উপকূলে একটি ভাসমান নৌযান থেকে প্রায় ৫১ ইন্দোনেশীয়কে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, পাঁচ দিন আগে নৌযানটি বিকল হয়ে পড়ে। মালয়েশিয়ার স্টার পত্রিকার বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে এএফপি।
স্টার পত্রিকা জানিয়েছে,৩৪ পুরুষ,১৪ নারী ও দুই মাস বয়সী এক শিশু ২৮ ডিসেম্বর মাছ ধরার ওই নৌকায় উঠেন বলে ধারণা করা হচ্ছে। তারা মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ফিরে যাচ্ছিলেন।
কিন্তু নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় পাঁচ দিন ধরে এটি সাগরে ভাসছিল। বৃহস্পতিবার মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য পেরাকের উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা নৌকাটিকে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।
মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা রাজাক জোহান জানান,কয়েকদিন ধরে খেতে না পেয়ে ও বৈরী আবহাওয়ার কারণে নৌযানটি অনবরত দুলতে থাকায় এর আরোহীরা দুর্বল হয়ে পড়েছেন।
এএফপি’র খবরে বলা হয়,অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার জন্য তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
প্রায় ২০ লাখ ইন্দোনেশীয় ও আশপাশের দরিদ্র দেশগুলো থেকে মানুষ কাজের জন্য অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেন। তারা এখানকার কৃষি,নির্মাণশিল্প,কারখানা ও অন্যান্য স্থানে কাজ করেন।
এই সব অবৈধ শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ ও নিজ দেশে ফিরে যেতে ঝুঁকিপূর্ণ নৌযানে ভ্রমণ করে।