রেলওয়ের নিয়োগ দুর্নীতির মামলায় মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন নেওয়া ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর আদালত। রেলওয়ে পূর্বাঞ্চলের টুল কিপার পদে নিয়োগে এ দুর্নীতি করা হয়।
মঙ্গলবার দুপুরে বিচারক এসএম মুজিবুর রহমান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- রবিউল হাসান, আশরাফুল ইসলাম, এসএম আজিজুল হক ও এএসএম সাইদুর রহমান। এদের টুল কিপার পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছিল। গত ১০ মার্চ ৪ আসামি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।
মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ জানান,আসামিরা মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন। হাইকোর্টকে তারা জানিয়েছিলেন, মামলাটি সিএমএম আদালতে আছে এর অভিযোগপত্র হয়নি। বাস্তবে তারা যখন হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন তখন মামলার অভিযোগপত্র দাখিল হয়ে অভিযোগ গঠনের অপেক্ষায় ছিল।
রেলওয়ে পূর্বাঞ্চলের টুলকিপার পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি ৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]