[b]বান্দরবান:[/b] জেলার লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক পুলিশ কনস্টেবল মো. ইসহাক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হন।  
শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইসহাক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার একান্নপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ইসহাক স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে কক্সবাজারের চকরিয়া থেকে বান্দরবানে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চুনতি এলাকায় পৌঁছালে একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইসহাক মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান দুর্ঘটনায় পুলিশ সদস্য ইসহাকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।