[b]ঢাবি:[/b] ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩০টি এসির সরঞ্জাম চুরি ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে কখন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হতে পারে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করে সাংবাদিকদের এ সব তথ্য জানান।
প্রক্টর বলেন,কেন্দ্রীয় গ্রন্থাগারে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এতে ৩০টি এসির তামার তার চুরি ও এসির পাখা ভাঙচুর করা হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ বড় অঙ্কের। এটা একটি পরিকল্পিত নাশকতা বলেও তিনি উল্লেখ করেন।
চুরি ও ভাংচুরের ঘটনা জানাজানির পরপরই নীলক্ষেত থানার এ এস আই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এটা একটি বড় ধরনের নাশকতা বলে তিনি উল্লেখ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে,বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পূর্ব পাশের ছাদে ২টি ও পশ্চিম পাশের ছাদে ২৮টি মোট ৩০টি এসি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যেকটি এসির ৩ ফুট পরিমাণ তামার তাঁর ও এসির পাখা এবং বিভিন্ন সরঞ্জামাদি ভাঙচুর করা হয়।
ভিতরের প্রবেশপথ ব্যতীত লাইব্রেরীর ছাদে উঠার কোন পথ নেই। ধারণা করা হচ্ছে লাইব্রেরীতে কর্তব্যরত কোন কর্মচারী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ শীর্ষ নিউজকে জানান,কবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাইব্রেরীর ছাদে উঠতে হলে ছয়টি গেট অতিক্রম করতে হয়। ধারণা করা হচ্ছে ভিতরের
কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ সম্পর্কে অবহিত করা হয়েছে। এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হবে।