শুক্রবার রাতের মধ্যে তৌহিদের খুনিদের কলেজ থেকে বহিষ্কার ও গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। দলটির নেতাকর্মীরা বলেছেন- খুনিদের কলেজ থেকে বহিষ্কার ও গ্রেফতার না করা পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম সিলেট সফর করতে পারবেন না।
এ লক্ষ্যে ছাত্রদল ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ বরাবর সন্ধ্যার দিকে স্মারকলিপি দেবে। কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ দাবি না মানলে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে মন্ত্রীর সফর প্রতিহত করবে ছাত্রদল।
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সিলেট সফর করবেন। সফরকালে বিকাল সাড়ে ৩টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শনসহ চিকিৎসক, স্থানীয় রাজনীতিবিদ ও সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
গত বুধবার ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্মীরা তৌহিদুল ইসলামকে ডেকে নিয়ে আবুসিনা ছাত্রবাসের ১০০৩ নম্বর কক্ষে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এ খুনের ঘটনায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের চাচা আনোয়ার হোসেন।
ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ