৩টি গাড়িসহ ছিনতাই চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে ডিএমপি, ঢাকা জেলা, মাদারীপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতর হলেন- সজীব, হাসান, আসাদ, সোরহাব, টিটু , ফয়সাল ও করিমুল্লাহ ।
পুলিশ জানায়, বেশ কিছু দিন আগে আশুলিয়ার মারাগাং ও দিয়াখালী থেকে দু'টি প্রাইভেটকার ছিনতাই করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়।
এরই পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে সজীব নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজহারুলের নেতৃত্বে একটি দল ডিএমপি, ঢাকা জেলা, মাদারীপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের আরও ৬ সদস্যকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি পিকআপভ্যান ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
সাভার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা বেশ কিছুদিন যাবত বিভিন্ন এলাকায় গাড়ি ছিনতাই করে আসছিল। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]