প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানে বাংলাদেশের বন্ধু এবং ঢাকায় নিযুক্ত টোকিওর সাবেক রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের মধ্যদিয়ে তার চারদিনের ব্যস্ত সফরসূচি শুরু করেছেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং দুদেশের মধ্যকার সম্পর্ক সুসংহত করতে তাদের অবদানের কথা স্মরণ করেন। বৈঠক শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বাংলাদেশ ও জাপান এবং দুদেশের জনগণের মধ্যকার চমৎকার সম্পর্ক লালনের জন্য বন্ধু ও রাষ্ট্রদূতদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে আপনাদের অবদান কখনো শোধ হবে না। আপনারা আমাদের অকৃত্রিম বন্ধু এবং আমাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশেষভাবে ঢাকা ও টোকিওর মধ্যেকার সম্পর্ক সুসংহত করতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনকারী জাপানের শ্রদ্ধাভাজন বন্ধুদের ভূমিকার প্রশংসা করেন।
আকাসাকা প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশের মহান বন্ধু এবং জাপানে বাংলা ভাষা, দর্শন ও সংস্কৃতির অন্যতম প্রচারক প্রফেসর তুশোয়োশি নারার বিধবা স্ত্রী মিসেস নারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবের আমন্ত্রণে আজ সকালে টোকিও পৌঁছেছেন।
বাংলাদেশকে জাপানের সার্বিক সহায়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জাপান ভিশন-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার প্রয়াস এক ধাপ এগিয়ে নেবে।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক নারা এবং অন্যান্য জাপানী প্রয়াত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
[b]ঢাকা, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]