[b]নীলফামারী:[/b] সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার প্রধান আসামি বিএনপি নেতা গোলাম রব্বানীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের পাশে একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রব্বানী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে এবং লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন কুমার রায় জানান, স্থানীয়রা সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম রব্বানীর পরিবারের দাবি, ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
গত কয়েকদিন আগে গোলাম রব্বানীকে যৌথবাহিনী পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি ও যুবদল নেতা দাবি করেছেন, গোলাম রব্বানী পুলিশ হেফাজতে ছিল। তবে এ ব্যাপারে পুলিশ কোন মন্তব্য করতে রাজি হননি।
গত ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে সংসদ সদস্য আসাদুজ্জামানের গাড়ি বহরে হামলা এবং পরে এলাকাবাসীর সাথে আওয়ামী লীগ-পুলিশ ও ১৮ দলের সংঘর্ষে আওয়ামী লীগের চার জনসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোলাম রব্বানীকে ১নং ও ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করে।