রাজধানীর দিলকুশায় প্রাইম ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা থেকে প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাতের এক মামলায় ৪০ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদনের জন্য প্রতিবেদন জমা দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা। গত দেড় মাস ধরে ওই প্রতিবেদনটি দুদকের সংশ্লিষ্ট শাখায় যাচাই বাছাইয়ের জন্য পড়ে রয়েছে।
নাম না প্রকাশের শর্তে দুদকের একাধিক কর্মকর্তা জানান,২০০৬ সাল থেকে ২০১২ সাল প্রায় ৬ বছরে এই ৯৩ কোটি টাকা আত্মসাতের ঘটনাটি ঘটে। কিন্তু ২০১২ সালের ২৯ মার্চ প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো ইফতেখার হোসেন বাদী হয়ে ব্যাংকের ওই শাখার নির্বাহী কর্মকর্তা কামরুল আহমেদ ফেরদৌসকে আসামি করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মতিঝিল থানায় মামলা নং-৭৩। তবে ওই মামলায় আসামি ফেরদৌসের বিরুদ্ধে মাত্র ৪৮ কোটি ৭৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন।
তবে মামলাটি দুদকের তফসিলভুক্ত এবং মানি লন্ডারিংয়ের অপরাধের কারণে মতিঝিল থানা থেকে মামলাটি দুদকে পাঠিয়ে দেয়।
এদিকে একজন সিনিয়র কর্মকর্তার তত্ত্বাবধানে দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুর রেজাকে এই মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় কমিশন।
অভিযোগ রয়েছে,প্রাইম ব্যাংকের দিলকুশাস্থ ইসলামী ব্যাংকিং শাখার আইটি সিস্টেম, ইউজার আইটি ফেরদৌস নিজের পাসওয়ার্ড এবং ওই শাখার সংশ্লিষ্ট অপর কর্মকর্তার পাসওয়ার্ড কৌশলে জেনে নেন। পরে ওই পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে তাদের ঋণ অ্যাকাউন্ট করে ভূয়া জমা দেখিয়ে টাকাগুলো উত্তোলন করে নিয়ে যান। দুদকের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে আসামি ফেরদৌস তার পরিচিত বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে বন্ধু-বান্ধবের অ্যাকাউন্টে স্থানান্তর করা প্রায় ৯৩ কোটি পেয়েছেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘদিন তদন্তের পর মার্চের শেষ দিকে তদন্তকারী কর্মকর্তা ৪০ জনের নামে চার্জশীট দায়েরের সুপারিশ করে প্রতিবেদনটি অনুমোদনের জন্য কমিশনে জমা দেন। তবে এখনো ওই প্রতিবেদনের যাচাই বাছাই শেষ হয়নি। জানা যায়,আত্মসাতের ঘটনায় দন্ডবিধি ৪০৯/৪০৮/৪৬৭/৪৭১/১০৯ ধারা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় চার্জশীট দাখিলের সুপারিশ করা হয়েছে।
[b]ঢাকা, একে, ০৪ মে (টাইমনিউজবিডি)//এমএ[/b]
শ্রেণীহীন
প্রাইম ব্যাংকের ৯৩ কোটি টাকা আত্মসাৎ
রাজধানীর দিলকুশায় প্রাইম ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা থেকে প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাতের এক মামলায় ৪০ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদনের জন্য প্রতিবেদন জমা দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা।





