ময়মনসিংহের ত্রিশালে পুলিশ কনস্টেবলকে গুলি চালিয়ে হত্যা এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত রাজুকে ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের ৪নং আমলী আদালতে রাজুকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক ফারজানা ইয়াসমিন তা মঞ্জুর করেন।
এর আগে রোববার গভীর রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার নটরকান্দা কুলুপাড়া এলাকা থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজুকে গ্রেফতার করে।
ময়মনসিংহ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান গ্রেফতারকৃত রাজুর পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজু ইসলামপুর পৌরসভার নটরকান্দা এলাকার মো. ইব্রাহিমের ছেলে। রাজ ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে দাবি করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে বোমা ও গুলি করে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জেএমবি সদস্যদের সহযোগিতা করেছিলেন রাজু। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার (রাজু) ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি জেএমবির মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত তিন আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে স্থানান্তরের পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় বোমা ও গুলি ছুড়ে এক পুলিশ কনস্টেবলকে হত্যা করে ছিনিয়ে নিয়ে জেএমবি’র সশস্ত্র সদস্যরা।
[b]ময়মনসিংহ,জেইউ,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]