'দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে কিছুটা ক্রসফায়ার প্রয়োজন' মর্মে নৌ-পরিবহন মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে তা অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি।
গত শনিবার বিবিসি আয়োজিত বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে 'দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে কিছুটা ক্রসফায়ার প্রয়োজন' মর্মে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
এরপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ওই বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে।
টিআইবি’র আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন এর পরিচালক রিজওয়ান-উল-আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'রাষ্ট্রের কোন নাগরিকই বিচারের উর্ধ্বে নয়। অন্যদিকে অপরাধ যত ঘোরতরই হোক না কেন সন্ত্রাস নির্মূলের নামে তথাকথিত ক্রসফায়ারের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে একজন মন্ত্রীর এধরনের অনাকাঙ্খিত বক্তব্য সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। সরকারের একজন মন্ত্রীর কাছ থেকে এধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কখনোই কাম্য নয়। আমরা তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই।'
তিনি বলেন, 'দেশের মানুষ ক্রসফায়ারকে গ্রহণ করেছে' এই মর্মে শাহজাহান খান উক্ত অনুষ্ঠানে যে কথা বলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও দেশবাসীর গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অসম্মানজনক। এবং ক্রসফায়ার বিষয়ে ইতোপূর্বে প্রদত্ত উচ্চ আদালতের পর্যবেক্ষণের প্রতি অবমাননাকর বলে ড. জামান উল্লেখ করেন।
মন্ত্রীর এ বক্তব্য বিচারিক প্রক্রিয়ার প্রতি মানুষের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করবে। আইন প্রয়োগকারী সংস্থার অভ্যন্তরে আইন লঙ্ঘনের প্রবণতা বৃদ্ধি করবে। আইনের রক্ষক হিসেবে যারা দায়িত্ব প্রাপ্ত তারাই ক্রমাগত উদ্বেগজনকভাবে আইনের ভক্ষক ও নির্বিকার লঙ্ঘনকারী হয়ে উঠবে, বিচারহীনতার সংস্কৃতি আরো প্রকটতর হবে।
এ ধরণের বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশী বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হতে উৎসাহিত করবে উল্লেখ করে ড. জামান বলেন, 'আমরা বিশ্বাস করি নৌ-পরিবহন মন্ত্রীর এই বক্তব্য সরকারের অবস্থান নয় এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ এ বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেবেন।'
[b]ঢাকা, জেইউ, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]