সাভারের উলাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস হোটেলে ঢুকে পড়লে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালু ভর্তি  ট্রাকের সাথে সংঘর্ষের পর সড়কের পাশের একটি হোটেলে উঠে পড়ায় এক অটো চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
জানা যায়, একটি বালুবাহী ট্রাক মহাসড়ক অতিক্রম করার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের ওই বাসটির সাথে সংঘর্ষ হয়। এসময় বাসটি মহাসড়কের পাশে অবস্থিত আল-মাদানী হোটেলের ভিতরে ঢুকে পড়ে। এতে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা অটো চালক মফিজুল বাসের নিচে চাপা পড়েন। আহত হন বাসের চালক ও যাত্রীসহ আরো ১০ জন। পরে স্থানীয়রা গিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
সংবাদ পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হোটেল থেকে বাসটি সরিয়ে অটো চালক মফিজুলের লাশ উদ্ধার করে।
নিহত মফিজুলের বাড়ি ঝিনাইদহ শহরে। তিনি সাভারে ভাড়া থেকে অটো চালাতেন।
সাভার মডেল থানার সিনিয়র এএসপি মশিউদ্দৌলা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইম নিউজকে জানান, ব্যস্ততম সড়কে হঠাৎ বালুর ট্রাক ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন।
সাভার,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ