[b]দুবাই:[/b] শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। অবশেষে অভিজ্ঞ ক্রিকেটার ইউনিস খানের সঙ্গে দলনেতা মিজবাহ উল হকের ব্যাটে স্বস্তিতে তৃতীয় দিন শেষ করেছে দলটি। তবে দিন শেষে এখনো শ্রীলঙ্কার চেয়ে ৯১ রানে পিছিয়ে আছে তারা।
শুক্রবার তৃতীয় দিনে ছিল বোলারদের দাপট। চার উইকেটে ৩১৮ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। এদিন দলের রানের খাতায় আর মাত্র ৭০ রান সংগ্রহ করতেই সব উইকেট হারায় তারা। ফলে প্রথম ইনিংস শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৮৮ রান।
জবাবে পাকিস্তানের শুরুর তিন ব্যাটসম্যানও সুবিধা করতে পারেনি। লঙ্কান বোলার হেরাথের পর প্রদীপের বলে একে একে সাজঘরে ফিরে যান আহমেদ শেহজাদ (৯), খুররাম মনজুর (৬) ও মোহাম্মদ হাফিজ (১)। দলীয় মাত্র ১৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান।
তবে ইউনুস ও মিসবাহ ক্যারিয়ারের ২৮ ও ২৩তম ফিফটি গড়ে দলের হাল ধরেন। দিন শেষে তারা টিকে ছিলেন ১১৩ রানের জুটি গড়ে। ইউনুস ৬২ ও মিসবাহ ৫৩ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ১০৬ রান নিয়ে মাহেলা জয়াবর্ধনে ও ৪২ রান নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস শুক্রবারের খেলা শুরু করেছিলেন। এদিন মাত্র এক ওভার দুই বল টিকে ছিল এই জুটি। ম্যাথুস বাড়তি আর কোনো রান যোগ করতে পারেননি, রাহাত আলীর বলে পেছনে সরফরাজ আহমেদের তালুবন্দি হন।
৩৩তম শতক হাঁকানো জয়াবর্ধনে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাঈদ আজমলের কাছে বোল্ড হয়ে। ইনিংস সর্বোচ্চ ১২৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলের আর কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি।
পাকিস্তানের পেসার জুনাইদ খান তিনটি উইকেট নেন। দুটি করে পান রাহাত ও আজমল।