[b]ঢাকা:[/b] নেতাদের গ্রেফতার করে নির্দলীয় সরকারের চলমান আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সরকারকে দমনপীড়নের পথ থেকে সরে আসারও আহবান জানান তিনি।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এমন হুশিয়ারি দিয়ে ফখরুল বলেন, একদিকে প্রধানমন্ত্রী সংলাপের আহবান জানাচ্ছেন। অন্যদিক বিরোধী দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করছে। মঙ্গলবারও দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আটক করা করেছে। এই গ্রেফতারের নিন্দা জানিয়ে  অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।
দলের সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল আরও বলেন, সারাদেশে বিরোধী দলসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের বাড়িঘরে হানা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দাবিতে বিরোধী দল আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে দেশের নব্বইভাগ মানুষ সম্পৃক্ত হয়েছে।
গত ৫ জানুয়ারির নির্বাচন ভোটকেন্দ্রে ভোটাররা না গিয়ে ওই দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। কিন্তু সরকার এই গণদাবিতে দাবিতে ভীত হয়ে বিরোধী দলকে দমাতে দমননীতির আশ্রয় নিয়েছে।
বিরোধী দলের নেতৃস্থানীয় নেতাসহ কর্মীদের গণহারে গ্রেফতার করছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্দলীয় সরকারের চলমান আন্দোলন নেতাদের গ্রেফতার করে কিংবা মামলা দিয়ে স্তব্ধ করা যাবে না।
সরকারকে দমনপীড়নের পথ থেকে সরে আসার আহবানও জানান ভারপ্রাপ্ত মহাসচিব।