যশোরের বাঘারপাড়া উপজেলার পৃথক স্থান থেকে  মাসুদ রানা (১৮) ও অপরজন অজ্ঞাতপরিচয় (৩২) ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  
শুক্রবার সকালে বাঘারপাড়া থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এদের মধ্যে মাসুদ রানা হলেন বাঘার পাড়ার মাহমুদ আলীপুর গ্রামের জামাল মোল্লার ছেলে এবং অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
বাঘারপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলার দোহাকুলা গ্রামের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, মৃতদেহটিতে ইতোমধ্যেই পঁচন ধরেছে। দুর্বৃত্তরা কয়েকদিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, ওসি আরো জানান, সকালে উপজেলার মাহমুদ আলীপুর গ্রামের একটি গাছ থেকে মাসুদ রানার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওড়না দিয়ে তার লাশটি গাছের সঙ্গে ঝুলানো ছিল।
একই গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিরোধের সূত্র ধরে তাকে হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]