[b]প্যারিস:[/b] পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বড় বড় দুটি আইডাহো আলু উপহার দিয়েছেন। এতে লাভরভের অবাক হওয়াটা স্বাভাবিক। কারণ মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করা অ্যাডওয়ার্ড স্নোডেন ও সিরিয়া সংঘাত নিয়ে অনেক দিন ধরেই চলছে রুশ-মার্কিন কূটনৈতিক টানাপোড়েন। কেরি একটি বাক্স খুলতেই লাভরভের চক্ষু চড়ক গাছ! সেখানে বড় বড় আইডাহো আলু।
হ্যাঁ,লাভরভকে এই আলু উপহার দিয়ে রুশ-মার্কিন কূটনৈতিক দূরত্ব দূর করতে চান জন কেরি।
আগামী ২২ জানুয়ারি সিরিয়া-বিষয়ে শান্তি সম্মেলন নিয়ে আলোচনা করতে কেরি ও লাভরভ এখন প্যারিসে অবস্থান করছেন। সেখানেই সোমবার লাভরভকে আলু উপহার দেন কেরি।
লাভরভকে দেওয়া উপহার প্রসঙ্গে কৌতুক করে সাংবাদিকদের কাছে কেরি বলেন,"তিনি (লাভরভ) আমাকে বলেন,এটা দিয়ে ভদকা বানাবেন না। এগুলো তিনি খাবেন।"
কেরির কৌতুকের জবাবে লাভরভ বলেন,"পোল্যান্ডে আলু থেকে যে ভদকা বানানো হয়,আমি তা জানি। কিন্তু পোল্যান্ডেই তা হয়। আমরা এটা সোভিয়েত ইউনিয়নে করতাম। এখন আমরা গম দিয়ে ভদকা বানাই।"
আলু উপহার দেওয়া বিষয়ে এরপর কেরি তার কথায় সংশোধনী এনে বলেন,"এখানে কোনো গোপন অর্থ নেই। কোনো রূপক নেই। কোনো প্রতীকী কিছু নেই।"
পরে লাভরভ বলেন,"সিরিয়া বিষয়ে সমঝোতার প্রেক্ষাপটে এই আলু প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে।" সূত্র: এএফপি