৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশি বন্ধু ও সংগঠনকে প্রদানকরা সম্মাননা  ক্রেস্টের সোনা জালিয়াতি ও চুরির অনুসন্ধানের জন্য বিশেষ অনুসন্ধানী টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের  নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলম, সহকারী পরিচালক আব্দুস সালাম শেখের সমন্বয়ে ২ সদস্যের অনুসন্ধানী টিম গঠন করা হয়।
সূত্র মতে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন  দেশের রাষ্টপ্রধান, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং  বিভিন্ন সংগঠনকে  প্রদানকৃত সম্মাননার  ক্রেস্টের সোনা জালিয়াতি এবং চুরি করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।  ওই ক্রেস্টে যে পরিমাণ সোনা থাকার কথা ছিল, তা দেয়া হয়নি। বিদেশী অতিথিদের দেয়া ক্রেস্টে  সোনার বদলে দেয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।
এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় এই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
বিএসটিআইয়ের পরীক্ষায় দেখা গেছে, এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) জায়গায়  ক্রেস্টে সোনা রয়েছে মাত্র ২ দশমিক ৩৬৩ গ্রাম। এক ভরির সোনার মধ্যে প্রায় ১২ আনাই জালিয়াতি। আর রুপার বদলে দেয়া হয়েছে ৩০ ভরি বা ৩৫১ প্রাম পিতল, তামা ও দস্তা মিশ্রত সংকর ধাতু পাওয়া গেছে।
এই সোনা জালিয়াতির ঘটনায় ক্রেস্ট ক্রয় কমিটির প্রধান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাকে ওএসডি করা হয়েছে।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে  ১৩ ব্যক্তি ও দু'টি  বেসরকারি প্রতিষ্ঠানকে দায়ী করেছে। তাদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী (সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধ) এবি তাজুল ইসলামও রয়েছেন।
ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ