ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সমাবর্তনে বক্তা হিসেবে ঢাকা আসছেন মালয়েশিয়ার রূপকার ও প্রাক্তন প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদ। ১৫ মার্চের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ইউআইটিএস কর্তৃপক্ষ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউআইটিএসের উপাচার্য ড. মুহাম্মদ সামাদ।
তিনি বলেন,ইউআইটিএসের প্রথম সমাবর্তনে সমাবর্তন-বক্তা ছিলেন পরমাণুবিজ্ঞানী ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম। ১৫ মার্চের এই এটি দ্বিতীয় সমাবর্তন ।
ড. মুহাম্মদ সামাদ বলেন,৯ হাজারেরও বেশি শিক্ষার্থী ইউআইটিএসে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। দ্বিতীয় সমাবর্তনে ৩ হাজার ৬৮৬ জন স্নাতক ও ২ হাজার ৩৯৫ জনকে স্নাতকোত্তর সনদ প্রদান করা হবে। সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ১৫ জন কৃতী শিক্ষার্থীকে প্রদান করা হবে যথাক্রমে চ্যান্সেলর,ট্রাস্টি বোর্ড ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউআইটিএসের ট্রাস্টি বোর্ডের চেয়াম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কে এম সাইফুল ইসলাম খান,রেজিস্ট্রার ড. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]