[b]ঢাকা:[/b] আগামীকাল রোববারের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির দুই প্রেসিডিয়াম সদস্য।
শনিবার বিকালে রাজধানীর কমলাপুর জসীমউদ্দিন রোডে মতিঝিল থানা জাতীয় পার্টির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাপা প্রেসিপিয়াম সদস্য ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেছেন, একতরফা নির্বাচন দেশে সংঘাত বাড়াবে।
তিনি বলেন, এরশাদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল। এই নির্বাচন শুধু প্রধান বিরোধী দল বা এরশাদই নয়, বি. চৌধুরী, ড. কামাল, কাদের সিদ্দিকী, চরমোনাই, জাকের পার্টি এমনকি বাম বলয়ের কমিউনিস্ট পার্টি এবং বাসদও বর্জন করেছে।
এক বার্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, এরশাদকে বন্দি রেখে এ দেশে যে নির্বাচন হবে, তা জাতীয় পার্টির কোন নেতাকর্মী অংশগ্রহণ করবে না। এরশাদ এখনো নির্বাচনে অংশ না নিতে অনড় রয়েছেন। তাই আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব না। তিনি অবিলম্বে এরশাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীকে এরশাদের নির্দেশে এ নির্বাচন বর্জন করার আহ্বান জানান তিনি।





