নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার ভারত সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনস্থ দামুড়হুদার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টসহ ভারত সীমান্তের ২৪টি বিজিবি ক্যাম্পের ১৪৫ কিলোমিটার সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস.এম. মনিরুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যা মামলার আসামিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য মঙ্গলবার থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া সীমান্ত ক্যাম্পগুলোতে তাদের ছবি ঝুলিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সোমবার রাতে বিজিবি সদর দপ্তর থেকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কাছে জরুরি বার্তা পাঠানোর পর এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহাবুবুর রহমান জানান, কোনো যাত্রী ভারতে যেতে চাইলে চেকপোস্টে কঠোরভাবে সব বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার।
[b]ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গার ভারত সীমান্তে রেড এলার্ট
নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার ভারত সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে।





