সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের সংঘর্ষে  এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫জন আহত হন। নিহত কর্মীর নাম আলমগীর হোসেন (৩০) বলে জানা যায়।
বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাঙ্গাবাড়ীর চরধুল খাগড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর উপজেলার ভাঙ্গাবাড়ীর চরধুল খাগড়াখালী গ্রামে জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ীর চরধুল খাগড়াখালী গ্রামে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিলো। এর জেরে বুধবার রাত ৯টার দিকে আওয়ামী লীগ কর্মী আব্দুল মজিদ ওরফে ব্যাঙ মজিদ গ্রুপের সাথে জামায়াত সমর্থক আসলাম মাস্টার গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় তারা কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার সময় আলমগীর হোসেন (৩০) নামে এক জামায়াত কর্মী নিহত হন। এ ঘটনার পর রাতভর সংর্ঘষ হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মজিদের ভাতিজা রুবেল রানা ও আমিনকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে থানায় এখনো কোন মামলা হয়নি।
[b]সিরাজগঞ্জ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]