আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা শহরের পার্শ্ববর্তী বাটিকাডাঙ্গা গ্রামে মঙ্গলবার রাতে  আওয়ামী লীগ সমর্থিত দু'দলের গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত ও দুটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ হাসেম খান ও স্থানীয় জনগণ জানায়, বাটিকাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ নেতা সঞ্জিত বৈদ্য ও অপর আওয়ামী লীগ নেতা খোকন ঠাকুরের মধ্যে আধিপত্য বিস্তার ও নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ইতোপূর্বে কয়েক দফা সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। মাগুরা থানায় উভয় দলের নামে একাধিক মামলা রয়েছে। গতরাতে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের নেতার মাঝে বাগবিতণ্ডার এক পর্যায়ে খোকন ঠাকুরের সমর্থকরা দেশিয় ধারালো অস্ত্র নিয়ে সঞ্জিত বৈদ্যর বাড়িতে হামলা,ভাঙচুর ও সংঘর্ষ শুরু করে। সংঘর্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে সঞ্জিত বৈদ্য (৫০),বিকাশ বৈদ্য (৪৮), কালীদাস বৈদ্য (৪৫) ও অচিন্ত বৈদ্যকে (৪২) মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]