[b]নয়া দিল্লি:[/b] বিনামুল্যে পানি দেয়ার পর দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নতুন চমক দেখালেন।দুনীর্তিবাজ কর্মকর্তাদের ধরিয়ে দিতে বিশেষ হেল্প লাইন চালু করলেন তিনি।কোন সরকারী কর্মকর্তা দিল্লী বাসীর কাছে ঘুষ চাইলে তাকে ধরিয়ে দেয়ার জন্য এই হেল্প লাইন খোলা হয়েছে।এখান থেকে পরামর্শ দেয়া হবে।
আম আদমি নেতা কেজরিওয়াল বলেছেন,“প্রত্যেক নাগরিকই এখন থেকে পুলিশের পরিদর্শক এবং দুর্নীতিবিরোধী কর্মী হিসেবে কাজ করবেন।যেসব সরকারি কর্মকর্তা ঘুষ গ্রহণ করেন,তাদের ধরিয়ে দিতে সাধারণ নাগরিকেরা এখন তাদের ফোনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন।দুর্নীতির দায়ে অভিযুক্ত অসৎ কর্মকর্তাদের শাস্তি অবশ্য নিশ্চিত করা হবে।”
ঘুষসংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময়ে ০১১-২৭৩৫৭১৬৯ নাম্বারে ফোন করে অভিযোগ করা যাবে।
যখন কোনো ব্যক্তি এই নাম্বারে ফোন করবেন তখন তার নাম,পরিচয় এবং সম্পূর্ণ কথোপকথন রেকর্ড করা হবে। তারপর,একজন কর্মকর্তা অভিযোগকারী ব্যক্তিকে ফোন করবেন এবং ঘুষগ্রহীতাকে কিভাবে ধরিয়ে দিতে হবে তার কৌশল সম্পর্কে অভিযোগকারীকে পরামর্শ দেবেন।প্রয়োজন অনুযায়ী কৌশল গ্রহণ করে অসৎ কর্মকর্তাটিকে ধরিয়ে দেয়া পর্যন্ত উপদেষ্টা ও অভিযোগকারী উভয়েই একে-অপরের সাথে যোগাযোগ রাখবেন।
অভিযোগ করার ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য,অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী শপথ নেয়ার সময় ওয়াদা করেছিলেন দুনীর্তিবাজদের চিহ্নিত করতে একটি হেল্পলাইন নাম্বার চালু করবেন।প্রতিশ্রুতি রাখলেন কেজরিওয়াল।