[b]ঢাকা:[/b] ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান শহীদ (শহীদ কমিশনার) ক্যাডার বাহিনী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে মহড়া দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফরিদাবাদ কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশীদের কর্মীদের বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে শহীদের বিরুদ্ধে।
মাইক্রোবাসে করে ক্যাডারদের নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভোটারদের অফিযোগ, এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত সাবেক কমিশনার শহীদ যেভাবে ক্যাডারদের নিয়ে মহড়া দিচ্ছেন তাতে করে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।
এদিকে ফরিদাবাদে জাতীয় পার্টির নেতা-কর্মীদের বের করে দেওয়ার ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সরেজিমন ঢাকা-৬ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে এ তথ্য জানা যায়।
স্থানীয় লোকজন জানান, এই আসনের আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান দিপু মারা যাওয়ার পর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাহিদুর রহমান শহীদের মধ্যে।
ভোটের দিন রোববার সকাল থেকে স্বতন্ত্র প্রার্থী শহীদ কমিশনার তার ক্যাডার বাহিনী নিয়ে এলাকায় শো-ডাউন শুরু করেন। এ সময় শহীদ নিজেও উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে ফরিদাবাদ স্কুল কেন্দ্রে জাতীয় পার্টির কর্মীরা কেন্দ্রের বাইরে থাকলেও শহীদের লোকজন তাদের বের করে দেয়।
এ সময় সাংবাদিকদেরও কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। কাজি ফিরোজ রশীদের কর্মীরা অভিযোগ করেন, শহীদ ভোটকেন্দ্র দখল করে তার পক্ষে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছেন।
এ বিষয়ে শহীদের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে সংসদ সদস্য প্রার্থী শহীদের বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র্যা ব।
ভোটের আগের দিন শনিবার শহীদের বিরুদ্ধে কেন্দ্র দখল করতে পারে এমন অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশীদ।