[b]ঢাকা:[/b] গণতন্ত্র বিনাশী একদলীয় পাতানো নির্বাচনকে ‘না’ বলুন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে ‘হাঁ’ বলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঘোষিত ৬ষ্ঠ দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলাকালে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশবাসী অত্যন্ত স্বত:স্ফুর্তভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে ফ্যাসিষ্ট সরকার নির্লজ্জ মিথ্যাচার ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে জনজীবনে অস্থিরতা, শঙ্কা, নিরাপত্তাহীনতা ও সামাজিক দুরাবস্থার সৃষ্টি করেছে।

তিনি বলেন, সত্যকে মিথ্যা দিয়ে কখনো ঢেকে দেয়া যায়না। আওয়ামী নেতারা বলছেন-বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়নি। এটা যে কত বড় মিথ্যাচার তা গোটা জাতির কাছে পরিস্কার।

মিডিয়ার বদৌলতে বেগম খালেদা জিয়াকে আইন শৃঙ্খলা বাহিনী ও বালি ভর্ত্তি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখার দৃশ্য গোটা দেশবাসী অবলোকন করেছে। আওয়ামী লীগ মিথ্যা বলায় এতটাই নির্লজ্জ যে তাদের মিথ্যাচারে জনগণ বিভ্রান্ত না হয়ে বরং শতভাগ নিশ্চিত হয় আওয়ামী লীগ মিথ্যা বলায় চ্যাম্পিয়ন।

বারবার আহবান জানানো সত্বেও বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে মুক্ত করা হচ্ছে না। দেশনেত্রীর রাজনৈতিক কার্যালয় সহ বিএনপি’র সদর দপ্তরে নেতা-কর্মীদের যাতায়াত এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে উদাত্ত আহবান জানাচ্ছি-আপনারা এই গণতন্ত্র বিনাশী একদলীয় পাতানো নির্বাচনকে ‘না’ বলুন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে ‘হাঁ’ বলূন। তাহলেই এই জালেম ভিনদেশী আশীর্বাদপুষ্ট সরকারের পতন নিশ্চিত হবেই ইনশাআল্লাহ্।

অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের অবরুদ্ধ অবস্থা তুলে নিতে এবং বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীদের যাতায়াত এবং দলীয় দাপ্তরিক কর্মকান্ড পরিচালনায় গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভোটার বিহীন নির্বাচন করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। তারপরও প্রধানমন্ত্রীর একগুয়েমী পথ থেকে সরে আসছেনা।

এসময় তিনি অবিলম্বে একদলীয় নির্বাচন বন্ধ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।