[b]জাকার্তা:[/b] ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে পুলিশের অভিযানে সন্দেহভাজন ছয় বন্দুকধারী নিহত ও অপর একজন গ্রেফতার হয়েছে। নতুন বছরের প্রাক্কালে এ অভিযান চালানোর সময় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে তারা নিহত হয়। খবর এএফপি’র।
বুধবার জাতীয় পুলিশের মুখপাত্র রনি সাম্প জানান,সন্ত্রাস দমন ইউনিট ডেটাচমেন্ট ৮৮’র নেতৃত্বে পুলিশের একটি স্কোয়ার্ড মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উপকণ্ঠে সাউথ তাঙ্গারাং নগরীতে একটি বাড়ি ঘিরে অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা জড়ো হয়েছিল।
সাম্প এএফপিকে বলেন,"সেখানে অভিযান চালানোর সময় আমরা তাদের আত্মসমর্পণ করতে বললে তারা তা প্রত্যাখান করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় আমরাও পাল্টা গুলি চালাই। আজ ভোরে সেখানে আমাদের অভিযান শেষ হয়।" তিনি আরো জানান,সেখানে উভয়ের মধ্যে এক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।
তারা ২০১৩ সালের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
সাম্প জানান,পুলিশ ওই বাড়ি থেকে বিভিন্ন বিস্ফোরক উপকরণ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে পুলিশের পক্ষ থেকে ছয়জন নিহত ও একজন গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে