[b]বার্লিন:[/b] তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ন্যাটো সদস্য তুরস্কের আবেদনের পরিপ্রেক্ষিতে জার্মানি এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে।
প্রতিবেশী গৃহযুদ্ধবিধ্বস্ত সিরিয়ার হুমকি থেকে বাঁচতেই তুরস্কের জন্য এ ব্যবস্থা নিতে যাচ্ছে ন্যাটোর আরেক সদস্য জার্মানি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তুরস্কের সিরিয়া সীমান্তে দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন রাখতে পারে জার্মানি। এ ছাড়া, চারশ জার্মান সেনাও তুরস্কের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এর আগের গত ১৪ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার কথা। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে আবেদন জানায় তুরস্ক।
ন্যাটোর নীতিমালা অনুযায়ীই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। গত বছর তুরস্ক ন্যাটোর কাছে তার দেশের নিরাপত্তার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন জানায়।
বুধবার অ্যাঞ্জেলা মার্কেলের সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। তবে, তা চূড়ান্ত হওয়ার জন্য কেন্দ্রীয় পার্লামেন্ট বুন্দেসট্যাগের অনুমোদন লাগবে।
আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও চারশ সেনা মোতায়েন থাকলে ২৫ মিলিয়ন ইউরো খরচ করবে। ন্যাটোর নীতিমালা অনুযায়ী এই খরচ জার্মানিকেই বহন করতে হবে। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন