[b]ঢাকা: [/b]বিরোধী দল আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের  দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ খদ্দর বাজার শপিংকমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত “বিএনপি-জামায়াতের অবৈধ কর্মসূচির প্রতিবাদে” এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের অভিযাত্রার নামে সন্ত্রাসীর অভিযাত্রা পালনে ব্যর্থ হয়ে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন আর মাত্র দু’দিন পর প্লাটফর্মে পৌঁছে যাবে সুতরং এ ট্রেনে ওঠার আর কোন সুযোগ নেই।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে একাদশ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করুন। একাদশ নির্বাচনের ট্রেন মিস করলে আপনাদের অবস্থা হবে ভাসানীর ন্যাপ ও মুসলিম লীগের মত।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল নির্বাচন ঠেকাতে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। নির্বাচন ঠেকাতে গিয়ে তারা নিজেরাই এখন ঠেকে গেছে। তাই খালেদা জিয়া কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে। সাংবিধানিক ধারা  রক্ষায় ৫ জানুয়ারী নির্বাচন হবে।
ষড়যন্ত্রকারীরা এখনও সচল রয়েছে তাই দলীয় নেতা-কর্মীদের আগামী মার্চ পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, কৃষক লীগের সহ-সভাপতি  এম এ করিম,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদ্দুজ্জামান দূর্জয়,শ্রমিক লীগের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইনসুর আলী প্রমুখ।