ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিদের নজরদারির আওতায় রাখতে কাউন্টার টেরোরিজম ব্যুরো গঠনের নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন,জঙ্গিদের আটকের পর তাদের ঠিকমত ফলোআপ (নজরদারি) করা হয় না। এখন থেকে জামিনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
জঙ্গি গোষ্ঠির সাথে জড়িতরা কি শর্তে জামিন পেল বা জামিনের পরে তারা কি করছে এই বিষয়গুলো নজরদারি করবে এই টেররিজম ব্যুরো। প্রধানমন্ত্রী এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান তিনি।
মনিরুল ইসলাম জানান,এর আগেও অনেক জঙ্গি আটকের পর সাজাপ্রাপ্ত অবস্থায় তাদের জামিন নিয়ে বের হতে দেখা গেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী জঙ্গিদের আটক করলেও তাদেরকে দীর্ঘ মেয়াদি ফলোআপ করা হয় নি বলে তারা এখনো এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তাই এই ব্যুরো গঠন করা হবে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সংগঠিত হওয়ার ব্যাপারে তিনি বলেন,মূলত জেএমবি তিনটি গ্রুপে সংগঠিত হয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এর একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে জেএমবির সাবেক প্রধান ও জেলখানায়বন্দী সাইদুর রহমানের ছেলে আইটি বিশেষজ্ঞ শামীম। আরেকটি গ্রুপ পরিচালিত হচ্ছে গত রোববার আটককৃত জাকারিয়ার অধীনে।
তৃতীয় গ্রুপটি চলছে উত্তরবঙ্গের আরেকটি গ্রুপের মাধ্যমে। তবে কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করেননি তিনি। এই গ্রুপগুলোর মধ্যে আবার কয়েকটি আঞ্চলিক ও উপ-গ্রুপের সন্ধান পেয়েছে পুলিশ।
এসব জঙ্গি সংগঠনের সাথে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্তরবঙ্গে এমন ব্যক্তি পাওয়া গেছে যে সকালে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আর রাতে জেএমবির সদস্য।
সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির তিন আসামি ছিনতাইয়ের ঘটনায় আসামি পরিবহনে কোন নিরাপত্তার ঘাটটি ছিল কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু এটি ঢাকার বাইরের ঘটনা এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এসময় মনিরুল ইসলাম জঙ্গি দমনে পুলিশের নিয়মিত অভিযান তাদের আটক করার কথা জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ[/b]