মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের তৃণমূল কাউন্সিলরদের ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের জন্য শনিবার দিনব্যাপী তৃণমূল কাউন্সিলরদের ভোট নেয়া হয়।
ভোটে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানীর ছেলে গোলাম খোরশেদ শুভ্র ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান উভয়ই ৭১ ভোট পান। এ অবস্থায় কাউকে বিজয়ী ঘোষণা না করে ভোট গ্রহণের দায়িত্বে থাকা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম ও জেলা নেতৃবৃন্দ মাগুরায় চলে যায়।
তারা চলে যাওয়ার পরই বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে নয়জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া হারুনুর রশিদকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পরবর্তী সহিংসতা এড়াতে মহম্মদপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]