ঢাকা: আজ ১লা জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাবার্ষিকী, পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে গেছে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১০ টায় গুলশান ১ নম্বরের ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠান শুরুর কথা ছিলো।
অনুষ্ঠানের আয়োজক জাপা ঢাকা মহানগর উত্তর।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
বুধবার অনুষ্ঠান শুরুর আগেই পুলিশ এসে সেখান থেকে নেতাকর্মীদের বের করে দেয় এবং ব্যানার নিয়ে যায়।
জাপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী জানান, পুলিশ আমাদের অনুষ্ঠান করতে না দিয়ে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেয়। এ কারণে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে পারছি না।