বিএনপির দু'নেতাকে ‘গুম’ করার অভিযোগ তুলে কুমিল্লা র‌্যাব-১১ এর সাবেক সিইও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ র‌্যাবের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওই দুই বিএনপি নেতা হলেন-কুমিল্লা জেলার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির পারভেজ।
রোববার বেলা সাড়ে ১১টায় হুমায়ূন কবির পারভেজের বাবা রঙ্গন মিয়া বাদী হয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল আদালতে অপহরণ ও গুমের মামলাটি দায়ের করেন।
র‌্যাব-১১ এর সাবেক সিইও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ছাড়া মামলার বাকি আসামিরা হলেন-কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-দুই এর অধিনায়ক মেজর শাহেদ রাজীব, উপ-সহকারী পরিচালক শাহজাহান আলী, উপ-পরিদর্শক (এসআই) কাজী সুলতান এবং উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার রায়।
কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা নার্গিস লাকসাম থানা পুলিশকে এ মামলার তদন্তভার অর্পণ করেন।
হিরু ও হুমায়নের পরিবার জানায়, গত বছরের ২৭ নভেম্বর রাত ১০টার দিকে সাবেক এমপি সাইফুল ইসলাম হিরুকে আটক করতে তার মালিকানাধীন বাংলাদেশ ফ্লাওয়ার মিলে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এতে নেতৃত্ব দেন কুমিল্লা র‌্যাব-১১ এর তৎকালীন সিইও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও র‌্যাব কুমিল্লার উপ-সহকারী পরিচালক শাহজাহান আলী।
অভিযানে ওই মিলের কর্মচারীসহ বিএনপির স্থানীয় নয় নেতাকে র‌্যাবের দু’টি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় মিলের ক্যাশ বাক্স থেকে ১৫ লাখ টাকাও নিয়ে যায় র‌্যাব সদস্যরা।
ওই সময় সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ফ্লাওয়ার মিলের পাশে অবস্থিত তার আরেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েল মিলে অবস্থান করছিলেন।
পরে সাবেক এমপি হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর পারভেজ ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে কুমিল্লার আলীশ্বর বাজার এলাকায় র‌্যাব তাদের থামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নেন।
ওই দিনগত রাত সাড়ে ১দুইটার দিকে র‌্যাব ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) দুই-এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান আলী আটক হিরু ও পারভেজ ছাড়া বাকিদের লাকসাম থানায় সোপর্দ করেন। এসময় র‌্যাব সদস্যরা পুলিশকে বলে, থানায় সোপর্দকৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না যাচাই করে চাইলে তদের ছেড়ে দেওয়া যেতে পারে। অথবা তাদের বিরুদ্ধে মামলাও দিতে পারে পুলিশ। পরদিন সন্ধ্যায় হরতালে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এদিকে, এ বছরের গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে হিরু ও পারভেজের স্বজনরা জানান, র‌্যাব-১১ এর সেই সিইও লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের নেতৃত্বেই হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়েছে।
অপহৃত পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, র‌্যাবের পোশাক পরে র‌্যাবের গাড়িতে করে আমার স্বামীকে নিয়ে যাওয়ার পর তাকে আর ফেরত পাইনি। সেই সময় ওই ঘটনায় লাকসাম থানায় অভিযোগ দিতে গেলে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে বান্দরবন জেলার পুলিশ লাইনে কর্মরত আবুল খায়ের অভিযোগকারীদের জানিয়েছিলেন, র‌্যাব সদস্যদের নাম উল্লেখ থাকায় তিনি মামলা গ্রহণ করতে পারবেন না। পরে এ ঘটনায় তিনি একটি জিডি গ্রহণ করেছিলেন।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]