[b]ঢাকা:[/b] দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুন, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ।
শনিবার সকালে নির্বাচন কমিশনে মিডিয়া সেন্টার উদ্বোধনকালে একথা বলেন তিনি।
তিনি জানান, যেসব ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও নাশকতা চালানো হচ্ছে সেগুলো প্রয়োজনে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে।
জনগণ বিচার করবে বলে মন্তব্য করে তিনি বলেন, কারা এসব করছে তা মিডিয়া দেখছে, দেশবাসী দেখছে। আমরা কী করছি তাও দেশবাসী দেখেছে।
আগামীকাল সকাল থেকে দেশের ৫৯টি জেলার ১৪৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বয়কট করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তারা নির্বাচন ঠেকাতে হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ভোটকেন্দ্রে আগুন দিয়েছে বিরোধী জোট ও দুর্বৃত্তরা। এই অবস্থায় নির্বাচন নিয়ে শঙ্কিত ভোটার ও সাধারণ মানুষ।





