[b]শিকাগো: [/b]যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নতুন বছরের শুরুতেই ঘটেছে এক অবাক করা ঘটনা। মাত্র নয় বছর বয়সী এক মেয়ে তার মায়ের সন্তান প্রসবে ধাত্রীর ভূমিকা পালন করেছে। খবর এবিসি নিউজের।
থার্টি ফার্স্ট নাইটে মনিক মেজা নামক এক নারী তার নয় বছর বয়সী মেয়েসহ গাড়ি নিয়ে বের হয়েছিলেন। গাড়ি চালাচ্ছিলেন গর্ভমতী মা মনিক মেজা।
পথিমধ্যে প্রসব বেদনা উঠে মেজার। এ সময় নিরুপায় মা তার নয় বছর বয়সী মেয়েকেই বলেন সাহায্য করতে। মেয়েও সাহসী ভূমিকা পালন করে।
মেয়ে আলিশা এ ব্যাপারে এবিসি নিউজকে বলে, "মা আমাকে জানায় যে, তিনি এখনি সন্তান প্রসব করবেন। তখন আমি তাকে বলি, পেটের মধ্য থেকে বাচ্চাটাকে চাপ দিতে, আর আমি বাচ্চাকে ধরার জন্য প্রস্তুত হই।"
আলিশা আরো জানায়, বাচ্চা প্রসবের সময় তার মা খুব ভীত হয়ে পড়েন। তবে, সে বাচ্চাটাকে খুব ভালোভাবে ধরতে সক্ষম হয়। রুমাল দিয়ে মুড়িয়ে তার সদ্য জন্ম নেয়া বোনকে সযতনে কোলে রাখে নয় বছরের আলিশা। শুধু তাই নয়, প্রসবের পর বাচ্চার নাড়ি (ডাক্তারি ভাষায় আমবিলিক্যাল কর্ড) কাটতেও সক্ষম হয় আলিশা।
আলিশা জানায়, এরপর তার সদ্য জন্ম নেয়া বোনকে কোলে নিয়ে প্রতিবেশিদের কাছে ছুটে যায় সহায়তার জন্য। প্রতিবেশিরা জরুরি নাম্বারে ফোন করলে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর, নতুন বছরে তারা সুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। এ ঘটনা জানাতে শিকাগোতে এবিসি নিউজের অফিসে গিয়ে সাক্ষাৎকার দেন মা মনিক মেজা। এ সময় তার সাহসী মেয়ে আলিশাকেও নিয়ে আসেন তিনি। এ ঘটনার পর আলিশাকে সপ্তাহের সেরা 'বড় বোন' বলে আখ্যায়িত করা হয়েছে। তবে, এটি অফিসিয়াল কোন উপাধি নয়।