নুরুজ্জামান (৩০) নামে এক চালককে হত্যা করে ছিনতাইকৃত প্রাইভেট কার ময়মনসিংহে বিক্রি করতে এসে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ২ ছিনতাইকারী। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার আলমনগর গ্রামে।
শনিবার বিকালে শহরের জিলা স্কুল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর সদর উপজেলার বাগলবাড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে জুলহাস (২৫)।
ডিবির ওসি মোহাম্মদ মাজেদুর রহমান জানান,শহিদুল ইসলাম ও জুলহাসসহ পাঁচ/ছয় জনের একটি গাড়ি চোর চক্র ঢাকার উত্তরা থেকে মিরপুর যাওয়ার উদ্দেশে ২৫ জানুয়ারি রাতে করোলা প্রাইভেট কার ১৬শ টাকায় ভাড়া করে। গাড়িটি রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরির এক পর্যায়ে তুরাগ থানার ডিএনডি বাঁধের কাছে এসে চালকের পিছন থেকে গলায় চাদর পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরদিন ডিএনডি বাঁধের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার ৫দিন পর শনিবার গাড়িটি বিক্রি করতে ময়মনসিংহে আসলে ডিবি পুলিশের সহযোগিতায় তুরাগ থানার পুলিশ ক্রেতা সেজে মূল্য নির্ধারণ করে শহরের জিলা স্কুল মোড়ে লেনদেনের কথা হয়। এ সময় ডিবি পুলিশ গাড়িসহ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
তুরাগ থানার এসআই কিবরিয়া জানান,গ্রেফতারকৃতদের গাড়িসহ তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]