সংসদ নিয়ে কথা বলা টিআইবির এখতিয়ার বহির্ভূত নয় বরং সংবিধান সম্মত বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল অবকাশে ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, টিআইবি’র ‘পার্লামেন্ট ওয়াচ’ বিষয়ক প্রতিবেদনকে চ্যালেঞ্জ করা সরকারের স্ববিরোধী। আমরা যা করি তা সরকারি অর্থায়নে। সরকারের টাকা এবং অনুমতি ছাড়া আমরা সংসদ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করতে পারি না।
এরআগে বুধবার জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শেখ সেলিম টিআইবির পার্লামেন্ট ওয়াচ বিষয়ক প্রতিবেদনের কঠোর সমালোচনা করেন।
শেখ সেলিম ‘পার্লামেন্ট ওয়াচ’ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করাকে এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন। পাশাপাশি সংস্থাটির অর্থের উৎস খুঁজে দেখা হবে মন্তব্য করে বলেন, টিআইবি কর্তৃপক্ষ যেন ১৯ দলে যোগ দেন।
শেখ সেলিমের এমন মন্তব্যের প্রেক্ষিতে টিআইবি’র বক্তব্য কি সে সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারের অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদে দাঁড়িয়ে এ ধরনের অবান্তর প্রশ্ন করার উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কোনো যুক্তি দিতে পারে নি। পার্লামেন্ট ওয়াচ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করাও সরকারের অনুমতিপ্রাপ্ত, বলেন তিনি।
তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও বলেন, আমাদের সব অডিট ও ফাইন্সিয়াল রিপোর্ট সরকারের জন্য সবসময় উন্মুক্ত।’ ‘সরকারের অনুমতি ছাড়া আমাদের ফান্ডে এক পয়সাও আসে না, খরচও করতে পারি না। আমাদের সব আর্থিক প্রতিবেদন সরকারকে দিতে হয়। সরকার চাইলে আমাদের খচরের ফান্ড অডিট করে দেখতে পারে।
তিনি বলেন, টিআইবি সম্পূর্ণ অরাজনৈতিক। তবে ক্ষমতাসীনদের একটি অংশ সব সময়ই আমাদের সমালোচনা করে থাকে। আবার বিরোধী রাজনৈতিক দলের অনেকে আলিঙ্গন করতে এগিয়ে আসে। বিষয়টা আরও পরিস্কার হলো বলে উল্লেখ করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, আমরা নিরপক্ষে অবস্থানে থেকে পর্যবেক্ষণ করে দেখছি রাজনৈতিক দুর্নীতি হচ্ছে সব দুর্নীতির মূল ক্ষেত্র। সে বিষয়টিতে আমরা বরাবর সোচ্চার ভূমিকা দেখিয়ে এসেছি। আমাদের এ প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নয়।’
ব্যক্তিগতভাবে আমি ইফতেখার কোনো দল করি না। তবে যদি কখনো কোনো দলে যোগ দেই তা হবে আমার রাজনৈতিক অধিকার এবং আমার ব্যক্তিগত এখতিয়ারভূক্ত।
এর আগে ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয় দেশের শতকরা ৫০ ভাগ খাদ্যেই ভেজাল রয়েছে। ভেজাল বন্ধে আইনি সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়।
ঢাকা, জেইউ, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
শ্রেণীহীন
সংসদ নিয়ে কথা বলা সংবিধান সম্মত : টিআইবি
সংসদ নিয়ে কথা বলা টিআইবির এখতিয়ার বহির্ভূত নয় বরং সংবিধান সম্মত বললেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন





