[b]কুমিল্লা:[/b] কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ৩৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার রাত দুইটা থেকে এ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দির হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, ঘন কুয়াশা এবং দীর্ঘদিন হরতাল ও অবরোধের পর অতিরিক্ত যান চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এলোপাতাড়ি যানবাহন চলাচলকেও দায়ি করেন এ সময়।
ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ঢাকা থেকে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ সোহেল বলেন, রাত তিনটার দিকে দাউদকান্দিতে এসে যানজটে আটকা পড়েন। পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে সাত ঘণ্টা সময় লেগেছে তার।