রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শাব্দিপুর এলাকায় ট্রাকের সঙ্গে প্রথম আলো পত্রিকা বহনকারী একটি পিকআপভ্যানের ধাক্কা লেগে শহিদুল ইসলাম (৩৫), এবং ফারহাদ (৩০) নামে দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের শাব্দিপুরে এ ঘটনা ঘটে। এ সময় পিকআপভ্যান চালকের সহকারী আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা পিকআপভ্যানের চালক সিরাজগঞ্জের বাসিন্দা শহিদুল ইসলাম, একই এলাকার বাসিন্দা প্রথম আলো পত্রিকার লাইনম্যান ফারহাদ।
আহত সহকারী জাফর ইকবাল রাজশাহীর বাসিন্দা। তাকে গোড়াগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপভ্যানটি সকালে বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ীর শাব্দিপুরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা চালক ও পত্রিকার লাইনম্যান ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]