অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার ১০টা ৩২ মিনিটে দুদকের নোটিশের ভিত্তিতে দুদকে আসেন সাতক্ষীরা-৩ আসনের এ সংসদ সদস্য। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে দুদকের পঞ্চম তলায় ‘ভিআইপি রুম’-এ তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, আ ফ ম রুহুল হকের ব্যাংক হিসাব গত পাঁচ বছরে বেড়েছে ১০ গুণ। ব্যাংক হিসাবের বেশিরভাগ তার স্ত্রী ইলা হকের নামে।
পাঁচ বছর আগে নির্বাচনী মাঠে নামার সময় রুহুল হক এবং তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা ছিল ৯২ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এখন তাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ১০ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৭৬৩ টাকা। ২০০৮ সালে স্ত্রী ইলা হকের নামে ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র চার লাখ ৬৪ হাজার ৩০ টাকা। এখন সাত কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ১৬৫ গুণ।
অন্যদিকে, রুহুল হকের ব্যাংক ব্যালেন্স ২০০৮ সালে ছিল প্রায় ৮৮ লাখ টাকা। এখন তা বেড়ে হয়েছে প্রায় দুই কোটি ৬৩ লাখ টাকা।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুসারে, সামগ্রিকভাবে ২০০৮ সালের তুলনায় তার অস্থাবর সম্পদ ৪ গুণ বেড়েছে। ২০০৮ সালে তিনি এবং তার স্ত্রীর মোট অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৪ কোটি টাকার কিছু বেশি। ২০১৩ সালে সম্পদের পরিমাণ ১৬ কোটি টাকা ছাড়িয়ে যায়। এর মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হিসেবে রাখা আছে। এককভাবে তার স্ত্রী ইলা হকের সম্পদের পরিমাণ বেড়ে গেছে ৮ গুণ। আগে তার নামে অস্থাবর সম্পত্তি ছিল মোট ৯৫ লাখ টাকা মূল্যের। এখন তা ৮ কোটি ৩৯ লাখ টাকা ছাড়িয়েছে।
এদিকে, গত রোববার রুহুল হক হলফনামা সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
তিনি দাবি করেছেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার ওপর নির্ভরশীলদের সম্পদের ঘরে স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭ কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা রয়েছে বলে উল্লেখ করেছিলেন। প্রকৃতপক্ষে এটা ৪৫ লাখ ১৭ হাজার ৯৯২ টাকা হবে। ইসি সচিবালয় থেকে তার এই আবেদন কমিশন সভায় উত্থাপনের জন্য পাঠিয়েছেন তবে এ ব্যাপারে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]