সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিজিবি সদস্যরা তিন শিশুকে উদ্ধার করেছে।
শনিবার সকালে উপজেলার পিল্লাকান্দি সীমান্তে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলেন, জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ গ্রামের আজির উদ্দিনের মেয়ে শারমিন আক্তার, পিল্লাকান্দি গ্রামের আবদুস সবুরের মেয়ে হালিমা আক্তার ও আমলসীদ গ্রামের মোছাদ্দের আলীর ছেলে মাহবুব আহমদ।
আটক পাচারকারী শাহাব উদ্দিন সাজু একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভক্তিপুর গ্রামের আবদুস সালামের ছেলে।
বিজিবি ৪১ ব্যাটালিয়নের আমলসীদ বিওপির নায়েক সুবেদার আবদুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় বিজিবি সদস্যরা পিল্লাকান্দি সীমান্তে অভিযান চালান। এসময় ভারতে পাচারকালে তিন শিশুকে উদ্ধার এবং পাচারকারীকে আটক করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে পাচারকারী সাজুকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]