বরিশালের বানারীপাড়ায় অঞ্জনা রাণী (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে ৮ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গৃহবধূর বাবা অভিযোগ করেছেন,মারধরের পর মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে।
অঞ্জনা বানারীপাড়া উপজেলার পূর্ব সৈয়দকাঠি গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের মেয়ে। আটকরা হলেন- অঞ্জনার স্বামী উজিরপুর উপজেলার শিবপুর গ্রামের প্রফুল্ল সিকদার,ভাসুর হরিপদ সিকদার, বিপুল সিকদার,চাচাতো ভাসুর নিরঞ্জন সিকদার,আনন্দ সিকদার,জা পুতুল রাণী সিকদার, দেবর উত্তম সিকদার এবং পাশের বাড়ির বিমল সিকদার।
অঞ্জনার বাবা গৌরাঙ্গ বিশ্বাস অভিযোগ করে বলেন,অঞ্জনার স্বামী প্রফুল্ল সিকদার অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। অনৈতিক কাজে বাধা দেওয়ায় প্রায়ই অঞ্জনাকে মারধর করা হতো। বৃহস্পতিবার রাতে মারধরের পর অঞ্জনার মুখে শ্বশুরবাড়ির লোকজন বিষ ঢেলে হত্যা করেন।
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান গৌরাঙ্গ বিশ্বাস।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ জানান,বৃহস্পতিবার রাত ১০টায় স্থানীয় চিকিৎসক গৌরাঙ্গ লালের কাছে অঞ্জনা রাণীকে বিষপানে অচেতন অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্থানীয় লোকজন অঞ্জনার সঙ্গে আসা স্বামীসহ ৮ জনকে আটক করে পুলিশে খবর দেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকাল ১০টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]