আন্তর্জাতিক লেনদেন সমন্বয়কারী প্রতিষ্ঠান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ফলে ২০১৫ সালে আকুর পরিচালনা পর্ষদের সভা বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন তিনি।
শুক্রবার ইরানের কিশ দ্বীপে অনুষ্ঠিত আকুর পরিচালনা পর্ষদের ৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিয়ানমার।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় যোগ দিতে আতিউর রহমানের নেতৃত্ব বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল এখন ইরানে অবস্থান করছেন।
সহজে আন্তর্জাতিক লেনদেন নিষ্পন্ন করার তাগিদ থেকে ১৯৭৪ সালে এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে আকু গড়ে ওঠে। শুরুতে এর সদস্য দেশ ছিল ৬। এর প্রতিষ্ঠাতা সদস্যরা হচ্ছে: বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (ভারত), সেন্ট্রাল ব্যাংক অব দ্যা ইসলামিক রিপাবলিক অব ইরান, নেপাল রাষ্ট্র ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তান, সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা। পরবর্তীতে ১৯৭৭ সালে সেন্ট্রাল ব্যাংক অব মায়ানমার, ১৯৯৯ সালে রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটান এবং ২০০৯ সালে মালদ্বীপ রয়্যাল মনিটারি অথরিটি সংস্থাটিতে যোগ দেয়।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]