ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে ঘণ্টা ব্যাপি এ বৈঠক শুরু হয়।
এসময় দলের পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কোন পক্ষই সাংবাদিকদের সাথে কথা না বললেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পরবর্তী বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর থেকেই বিএনপির কোনো নেতাকর্মীকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করতে দেয়া হয়নি। এজন্য অবরুদ্ধ অবস্থার মধ্যেই দ্বিতীয় বারের মতো সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন রবার্ট গিবসন।
এর আগে অবরুদ্ধ অবস্থায় গতকাল রাতে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশন হিদার ক্রডেন। অবশ্য  এর আগেও অবরুদ্ধ অবস্থায় কয়েকদিনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও বিরোধী দলীয় নেতার সাথে তার বাসভবনে গিয়ে দেখা করেছেন।