কুষ্টিয়া সদর উপজেলার পল্লীতে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে আব্দুল জব্বার (৪০) নামের এক দিনমজুর  ক্ষেতে কাজ করতে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী শেওড়াতলা গ্রামের জহুরুল ইসলামসহ বেশ কয়েকজন তার ওপর চড়াও হয়। তারা তাকে পিটিয়ে ও কোদালের উল্টো পিঠ দিয়ে ঘাড়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল জব্বার কুষ্টিয়া সদর উপজেলার নাজিরপুর গ্রামের থোকাই মন্ডলের ছেলে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক টাইম নিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
[b]কুষ্টিয়া, ১ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]