আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪২১ সালের প্রথম দিন। বাংলা ভাষাভাষীদের জন্য দিনটি এক মহা উৎসবের। নববর্ষকে ঘিরে তাই আজ বাঙালিরা নানা উৎসবে মেতেছে।
এসো হে বৈশাখ, এসো এসো; বাঙলায় আমি বোল তুলেছি বাঙলায় তুলেছি মাদল, বাঙলায় হিয়ার নৃত্য দেখেছি বাঙলায় ছুঁয়েছি বাদল, এমনসব গানের বাস্তবায়নই যেন হচ্ছে এই বাংলায়।
হাজার বছরের বহমান লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় জাতি আজ বরণ করছে বাংলা নতুন বছর। নববর্ষের সূর্যোদয়ে নতুন সম্ভাবনা নিয়ে প্রতি বছরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়।
এবারও এর ব্যতিক্রম হয়নি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বেতার ও টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। এছাড়া বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে জাতীয় দৈনিকগুলো। এতে আমাদের দেশজ ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রবন্ধ ও নিবন্ধ ছাপা হয়েছে।
শহর ছাড়া গ্রামের মানুষও দিনটিকে উদযাপন করছে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে। দিবসটি উপলক্ষে গ্রামের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। যেখানে থাকছে পুতুল নাচ ও নাগর দোলা। থাকছে নৌকা বাইচ ও ষাঁড়ের লড়াই।
বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের নানা আয়োজনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠানসহ সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চৈত্রসংক্রান্তি উৎসব। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ১০ দিনব্যাপী মেলা।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]