বৃহস্পতিবার মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরপাকড় স্থগিত রেখে শুক্রবার থেকে পুনরায় শুরু হচ্ছে অবৈধ অভিবাসী আটকের বিশেষ অভিযান। বিশেষ এই অভিযান চলবে একটানা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া অবৈধ অভিবাসী ধরপাকড়ের বিশেষ অভিযানে শনিবার সকাল পর্যন্ত ২৭৫ বাংলাদেশী অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট আটক করা হয়েছে ১৭৫৭ জন। আটককৃতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইন্দোনেশিয়ার ৭৩৯ জন। এর পরই বাংলাদেশী ২৭৫, মিয়ানমারের ২০৬ ও ভারতের ১৩৫ জন। বাকিরা নেপাল, পাকিস্তান, ভিয়েতনাম, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।  মালয়েশিয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল (টিভি-৩) সর্বশেষ এ তথ্য সংবলিত সংবাদ সম্প্রচার করে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার উইং মন্টু কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেন। মন্টু কুমার বিশ্বাস আরও বলেন, ২১ জানুয়ারি শুরু হওয়া বিশেষ অভিযানের আগে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ১৫টি ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশী বন্দির সংখ্যা ৭৬৩ জন ছিল। শুক্রবার পর্যন্ত যোগ হল আরও ২৭৫ জন। ইতিমধ্যে কিছু সংখ্যক দেশে ফেরত পাঠানো হয়েছে। আটককৃত বাকি অবৈধ বাংলাদেশীদের দেশে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
কাজের সন্ধানে মালয়েশিয়া আসতে ইচ্ছুক বাংলাদেশী শ্রমিকদের উদ্দেশে দূতাবাস কর্মকর্তা বলেন, অবৈধ উপায়ে মালয়েশিয়া আসা উচিত নয়। কারণ এতে সুখের পরিবর্তে জীবনে নেমে আসে দুঃখ-দুর্দশা এবং দেশের হয় দুর্নাম।

[b]কুয়ালালামপুর, ২৫ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//ইএইচ/এফএ[/b]