৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় এক নির্বাচিত গণতান্ত্রিক সরকারের থেকে আরেকটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বাংলাদেশে পুনরায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে এ.কে.এম রহমতুল্লার এক লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রায় গত ৫ বছরে আমাদের উন্নয়ন ও সুশাসনের অর্জনগুলোকে আরোও গতিশীল করবে বলে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে। এই অবস্থার প্রতিফলন দেখেছি- গত ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত বাংলাদেশের সম্প্রতিক নির্বাচন সম্পর্কিত রেজল্যুশনটিতে।
তিনি আরো বলেন,গণতান্ত্রিক,শান্তিকামী,সহনশীল,অসাম্প্রদায়িক ও সন্ত্রাস বিরোধী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে যে উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছে তা আগামীতেও অব্যাহত থাকবে বলে বিশ্ব সম্প্রদায় বিশ্বাস করে।
শেখ হাসিনা বলেন,নবনির্বাচিত সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা এবং সরকারের সাথে একসঙ্গে কাজ করার প্রত্যয় সরকারের সফল কূটনৈতিক প্রয়াস।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবস্থিত সকল মিশনের প্রধানদের সরকারের অবস্থান ব্যাখা করে মিশন প্রধানদের মাধ্যমে সব দেশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা দাবি করেন,নির্বাচন বানচালে বিএনপি ও জামায়াত-শিবির গোষ্ঠীর সকল প্রকার সহিংস তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অপচেষ্টার বিপক্ষে বিশ্ব সম্প্রদায় এই নির্বাচনকে ইতিবাচক অর্জন হিসেবেই গ্রহণ করেছে।
প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর (ঢাকা-১১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
বুধবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী লিখিত জবাবের পাশাপাশি সম্পূরক প্রশ্নেরও জবাব দেন।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্ন ছিল,নানা প্রতিকূলতার মাঝেও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় রাশিয়া, চীন,ভারত,মিয়ানমার ও ভিয়েতনামসহ ১০টি দেশের সমর্থন এবং একসঙ্গে কাজ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের,অভিনন্দন জোয়ারে সরকার;এটি সত্য হলে এতে আপনার অনুভূতি কী?
লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন,শুধু দশটি দেশ নয়,এ পর্যন্ত আরো অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমাকে অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন।
এছাড়াও জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসহ মোট ১০টি সংস্থার প্রধানরা নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমাকে অভিনন্দন জানিয়েছেন দাবি করেন তিনি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা নবনির্বাচিত সরকারের সঙ্গে গণতন্ত্র,সুশাসন ও উন্নয়নের ধারাকে সচল রাখতে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানান শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন,বিভিন্ন দেশ ও সংস্থা থেকে অভিনন্দন বার্তা প্রাপ্তির এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করছি।
মো. তাজুল ইসলামের (কুমিল্লা-৯) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন,দশম জাতীয় সংসদে পুনরায় নির্বাচিত বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী 'এগিয়ে যাচ্ছে বাংলাদেশ' এর আলোকে অচিরেই রূপকল্প ২০২১ কে দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা হিসেবে রূপকল্প ২০৪১ এ রূপান্তর করবে।
বর্তমান সরকারের আগের মেয়াদে নেওয়া সব কার্যক্রম বাস্তবায়নে মধ্যমেয়াদী পরিকল্পনা হিসেবে ২০১৪-২০১৫ অর্থবছর পর্যন্ত ষষ্ট-বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ননাধীন আছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান,সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অচিরেই পরিকল্পনা কমিশন ষষ্ঠ-পঞ্চ বার্ষিক পরিকল্পনার ধারাবাহিকতায় সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম শুরু করবে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পুনরায় শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় এক নির্বাচিত গণতান্ত্রিক সরকারের থেকে আরেকটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বাংলাদেশে পুনরায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





