লক্ষীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়াম্যান প্রার্থী অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকালে বাড়ির পাশের বাগানে গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোরের নাম সাকিল হোসেন (১১)। সে রায়পুর সদর ইউনিয়নের কাজিরচর গ্রামের প্রবাসী সেলিম হোসেনের ছেলে।
নিহতের মা শেফালী বেগম জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাস্টার আলতাফ হোসেন হাওলাদারের কর্মী সমাবেশ হয়। এতে তার বড় ছেলে ও এলাকাবাসী অংশ নেয়। সন্ধ্যায় বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদারের নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সাকিলের সঙ্গে পাশের বাড়ির সফিক আহম্মেদের বখাটে ছেলে রাসেলের বাগবিতণ্ডা ও ঝগড়া হয়।
শেফালী বেগম আরো জানান, রাতে সাকিল ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশের বাগানে গাছে সঙ্গে তার হাত পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখতে পায় তার নানী। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এঘটনায় অভিযুক্ত রাসেল ও তার অভিভাবকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে  পাওয়া যায়নি। তার স্বজনরা ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে কিশোর সাকিলের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]